প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেফতার ২ চোরাই মালামাল উদ্ধার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র ও ভাঙ্গারি ব্যবসায়ী রেজাকুল ইসলাম।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, সাম্প্রতিক সময়ে সংঘটিত এই স্পর্শকাতর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এ ঘটনায় বিটিসিএল কর্তৃপ বাদি হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ঘটনার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সচিবালয়ে আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে গতকাল বৃহস্পতিবার দুপুরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সিটিটিসি জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রঞ্জন চন্দ্র স্বীকার করে যে, শুক্রবার (২২ মে) সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে সে তামার তার চুরি করে। পরে তা সোমবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল অভিযান পরিচালনা করে একুশে হলসংলগ্ন ভাঙারি দোকান থেকে রেজাকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে। পরবর্তীতে চকবাজার থানার হোসেনী দালান রোড এলাকায় অবস্থিত একটি ভাঙারি গুদামে অভিযান পরিচালনা করে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।