নিজস্ব প্রতিবেদক ও লোহাগাড়া সংবাদদাতা
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ২টায় চট্টগ্রামের আল জামেয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম মাদরাসা মাঠে হাজারো মানুষের অশ্রুসিক্ত উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আল্লামা কুতুবউদ্দিন নানুপুরী। জানাজা শেষে মাদরাসার কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের কেন্দ্রীয়, জেলা, মহানগর ও স্থানীয় নেতারা অংশ নেন। সর্বস্তরের আলেম-ওলামা, ছাত্র, তাওহিদী জনতা ও সাধারণ মুসল্লিদের ঢল নামে পুরো মাদরাসা প্রাঙ্গণে। শোকাহত পরিবেশে বারবার উচ্চারিত হয় মরহুমের ইসলামী আন্দোলনে অবদানের কথা।
এদিকে, আমিরের মৃত্যুতে সংগঠনের গুরুত্বপূর্ণ পদটি শূন্য হওয়ায় জানাজার পূর্বে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মজলিসে শূরার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- নির্বাহী আমির আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমির আলহাজ আব্দুর রহমান চৌধুরী, মুফতি মুখলিসুর রহমান কাসেমী, মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, যুগ্ম মহাসচিব ডা: মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক প্রমুখ।
বৈঠকে শূরা সদস্যদের সর্বসম্মতিক্রমে আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানীকে দলের ভারপ্রাপ্ত আমির হিসেবে মনোনীত করা হয়। আগামী জাতীয় সাধারণ পরিষদের অধিবেশন পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। একইসাথে শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীকে মজলিসে শূরার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
জানাজায় আরো উপস্থিত ছিলেন- সাবেক ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ শামসুল ইসলাম, সাতকানিয়ার সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস নদভী, অধ্য সৈয়দ আবু নোমান, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, বাঁশখালীর সংসদ সদস্য জহিরুল ইসলাম, এগারো দলীয় ঐক্যের শরিক লেবার পার্টি ও জাগপার প্রতিনিধিরা, পটিয়া মাদরাসার মাওলানা জাকারিয়া আল আজহারী, আল্লামা আব্দুল হক হক্কানী প্রমুখ।
জানাজার পূর্বে স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, আল্লামা সরওয়ার কামাল আজিজী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সৈনিক। তিনি আমৃত্যু ইসলাম, দেশ ও স্বাধীনতার পক্ষে আপসহীন ভূমিকা পালন করেছেন। তাকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের একজন খাঁটি অনুসারী এবং ওলামায়ে দেওবন্দের উজ্জ্বল প্রতিনিধি হিসেবে উল্লেখ করেন বক্তারা।
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, ১১ দলীয় ঐক্যজোটভুক্ত ইসলামী দল বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীকে জানাজা শেষে দাফন করা হয়েছে। পদুয়া জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদরাসা মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে।
শনিবার বেলা ২টায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার শায়খুল হাদিস আল্লামা কুতুব উদ্দিন নানুপুরী।
জানাজা-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম
অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নবনির্বাচিত আমির মাওলানা আবদুল কাইউম সোবহানী, নায়েবে আমির আবদুর রহমান চৌধুরী, মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, যুগ্ম মহাসচিব মাওলানা ডা: ইলিয়াস খান, কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক ও মরহুমের বড় ছেলে অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব কারি মাওলানা ইদ্রিস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছহাক, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সমাজসেবী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নামাজে জানাজা শেষে তাকে পদুয়া হেমায়েতুল ইসলাম মাদরাসার কবরস্থানে দাফন করা হয়।
এ দিকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজীর ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী। মাওলানা আজিজীর ইন্তেকালে এক যৌথ শোকবিবৃতি প্রদান করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মাওলানা সরওয়ার কামাল আজিজীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। গভীর সমবেদনা জানাচ্ছি শোকসন্তপ্ত পরিবারের প্রতি। আল্লাহ তায়ালা মরহুমের পরিবার, স্বজন, সহকর্মী, ছাত্র ও গুণগ্রাহীদের সবরে জামিল দান করুন।



