জাফলংকে নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে : মন্ত্রী আরিফুল হক চৌধুরী

Printed Edition

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন জাফলংকে আধুনিক ও নিরাপদ পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাফলং সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় দীর্ঘদিনের মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি পুরো পর্যটন এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা আরো জোরদার করা হবে। শনিবার দুপুরে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং পর্যটন খাতের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তাদের মতামত শোনেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসনকে পর্যটকদের বিভিন্ন দাবি ও পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, “জাফলংয়ে আগত পর্যটকদের মতামত নেয়া হয়েছে। তারা বেশ কিছু যৌক্তিক দাবি ও পরামর্শ দিয়েছেন। এর মধ্যে ছোটখাটো সমস্যাগুলোর দ্রুত সমাধানে আমরা উদ্যোগ নেব। স্থানীয় প্রান্তিক শ্রমিকদের কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে পাথর শ্রমিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি আরো বলেন, জাফলং পর্যটন এলাকাকে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনার আওতায় আনা হবে। পর্যটকদের সেবায় প্রয়োজনীয় সার্ভিস ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

পরে মন্ত্রী গোয়াইনঘাট উপজেলা হলরুমে ঈদের শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণ করেন। এ সময় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।