২১ দিন পরে উৎপাদনে ॥ফিরল ডিএপিএফসিএল

Printed Edition

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

টানা ২১ দিন পরে উৎপাদনের ফিরল আনোয়ারার রাঙ্গাদিয়ায় স্থাপিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। কারখানার মহাব্যবস্থাপক মুহাম্মদ মঈনুল হক জানান, গতকাল বেলা পৌনে ২টা থেকে একটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে এবং রাতে অপর ইউনিটটিও চালু হবে বলে তিনি প্রত্যাশা করছেন। আর এ দু’টি ইউনিট একসাথে উৎপাদনে গেলে প্রতিদিন উৎপাদন হবে প্রতি ইউনিটে ৩০০ মেট্রিকটন করে ৬০০ মেট্রিকটন ডিএপি সার।

জানা গেছে, গ্যাস সঙ্কটের কারণে দেশের বৃহত্তম দু’টি সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং বেসরকারি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি কাফকোতে গত ৪ মার্চ থেকে গ্যাস সরবরাহ বন্ধ হলে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ হওয়ার কারণে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হওয়ার পর ১৮ এপ্রিল থেকে ডিএপি সার কারখানা দুটোতে উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর পরে গত ১ মে থেকে বেসরকারি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি কাফকোতে গ্যাস সরবরাহ শুরু করা হয়। ডিএপিএফসিএলের ব্যবস্থাপক মুহাম্মদ মঈনুল হক বলেন, আজ দুপুরে একটি ইউনিট চালু হয় এবং রাতের মধ্যে অপর ইউনিটও চালু হওয়ার প্রত্যাশা করছেন তিনি।

এ দিকে গতকাল বিকেলে যোগাযোগ করা হলে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) মহাব্যবস্থাপক মুহাম্মদ মিজানুর রহমান বলেন, গ্যাস সরবরাহ না পাওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত বৃহৎ সার কারখানাটিতে।