ক্রীড়া প্রতিবেদক
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ড শেষে ঈদুল আজহার ছুটিতে এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে আবার শুরু প্রিমিয়ার ক্রিকেট লিগ। আগের মতোই এ পর্বেও ১২ দল একই দিনে ছয়টি পৃথক মাঠে নামবে নিজেদের অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে।
আজ শেরেবাংলা স্টেডিয়ামে শীর্ষে থাকা মোহামেডান খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জের সাথে। লিগ টেবিলের আলোকে বিশেষ করে মোহামেডানের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সাত রাউন্ড শেষে সর্বাধিক ছয় ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন এককভাবে পয়েন্ট তালিকায় সবার ওপরে। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আবাহনী, প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জ। তিন দলের প্রত্যেকের সংগ্রহ সাত খেলায় (৫ জয় আর ২ পরাজয়) ১০ করে। ১২ দলের লিগে প্রতি দলের আরো চারটি করে ম্যাচ বাকি। এর মধ্যে মোহামেডানের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ এবং ১১ জুন আবাহনী। লিজেন্ডস অব রূপগঞ্জের বাধা পার হওয়ার আগে মোহামেডান পারস্পরিক সমঝোতায় দলে টেনেছে নাহিদ রানাকে।



