টাইমস অব ইন্ডিয়া
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারো নিজের পুরনো আইন পেশায় ফিরেছেন। বৃহস্পতিবার আইনজীবীর পোশাক পরে তিনি কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানিতে অংশ নেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ভোট পরবর্তী সহিংসতার একটি মামলার শুনানিতে অংশ নিতে এদিন তিনি আদালতে উপস্থিত হন। আইন বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী মমতা একসময় সক্রিয়ভাবে আইন পেশার সাথে যুক্ত ছিলেন। দীর্ঘ সময় পর সেই পরিচয়েই তাকে বিচারালয়ে দেখা গেল। এদিন সকালে আইনজীবীর কালো কোট পরে কালীঘাটের বাসা থেকে বের হয়ে হাইকোর্টে পৌঁছান তিনি। আদালত প্রাঙ্গণে তাকে ঘিরে ব্যাপক কৌতূহল দেখা গেলেও কোনো মন্তব্য না করে তিনি সরাসরি ভেতরে প্রবেশ করেন। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক নির্বাচনের পর বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ উঠেছে। সহিংসতায় অন্তত চারজন নিহত হওয়ার পাশাপাশি এক হাজারের বেশি মানুষ আটক হয়েছেন বলে জানা গেছে।



