ক্রীড়া প্রতিবেদক
চলতি মাসের ১২ তারিখ থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে হবে নারী টি-২০ বিশ্বকাপ। এর আগে প্রস্তুতি সারতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। স্কটল্যান্ডের মাটিতে খেলা প্রথম দুই ম্যাচেই হেরেছে টাইগ্রেসরা। তবুও ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যাটারদের র্যাংকিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর বোলারদের তালিকায় ১৫ ধাপ এগিয়েছেন পেসার ফারিহা তৃষ্ণা।
আইসিসির প্রকাশিত গতকাল নারী ক্রিকেটারদের র্যাংকিংয়ের সবশেষ সাপ্তাহিক হালনাগাদে এ তথ্য জানা গেছে। ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ডের সাথে অপরাজিত ৪৬ ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৭৭ রান করেছেন জ্যোতি। তাতে ব্যাটারদের র্যাংকিংয়ে চার ধাপ উন্নতি করে ২০ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক। সোবহানা মোস্তারি এক ধাপ এগিয়ে ৪৬ ও স্বর্ণা আক্তার দুই ধাপ এগিয়ে ৬০ নম্বরে আছেন। শারমিন আক্তার ও উইকেটরক্ষক দিলারা আক্তার র্যাংকিংয়ে যথাক্রমে ৯ ও দুই ধাপ পিছিয়েছেন।
ত্রিদেশীয় সিরিজে বল হাতে আলো ছড়িয়েছেন পেসার ফারিহা তৃষ্ণা। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৬ রানে দুই উইকেট তুলে আইসিসি থেকে সুখবর পেয়েছেন তিনি। বোলারদের র্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়ে ফারিহা এখন অবস্থান করছেন ৬২ নম্বরে। বোলারদের র্যাংকিংয়ে বাংলাদেশের হয়ে সবার ওপরে লেগ স্পিনার রাবেয়া খান। ১৭ নম্বরে অবস্থান করছেন তিনি।
নারী টি-২০’তে বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের লিনজি স্মিথ। ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থানে অস্ট্রেলিয়ার জর্জিয়া ভালো। অলরাউন্ডারদের তালিকায় সেরা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হ্যালি ম্যাথিউস।



