ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। শুক্রবার ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪-২ গোলে হারিয়েছে লিভারপুলকে। এই জয়ে ৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ স্থানে উঠে এসেছে ভিলা, আর লিভারপুল নেমে গেছে পঞ্চম স্থানে।
ম্যাচের নায়ক ছিলেন ওলে ওয়াটকিনস, যিনি জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। এছাড়া মরগান রজার্স ও অধিনায়ক জন ম্যাকগিনও গোল করেন। অন্য দিকে লিভারপুলের হয়ে দু’টি গোলই করেন ভ্যান ডাইক।
ম্যাচের শুরুতে লিভারপুল কিছুটা আধিপত্য দেখালেও ৪২ মিনিটে এগিয়ে যায় ভিলা। লুকাস ডিনের পাস থেকে বক্সের বাম প্রান্তে বল পেয়ে রজার্স দারুণ শটে গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে, ৫২ মিনিটে ডমিনিকের ফ্রি-কিক থেকে হেড করে সমতা ফেরান ভ্যান ডাইক।
তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ভিলা। লিভারপুলের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ওয়াটকিনস প্রথম গোল করেন এবং পরে রিবাউন্ড থেকে দ্বিতীয় গোলটি করেন। ৮৯ মিনিটে জন ম্যাকগিনের চমৎকার কার্লিং শটে ব্যবধান হয় ৪-১। যোগ করা সময়ে আবারো হেডে গোল করে ব্যবধান কমান ভ্যান ডাইক। ততক্ষণে ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়।
এই জয়ের ফলে কোচ উনাই এমেরির দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে এবং একই সাথে সামনে থাকা ইউরোপা লিগ ফাইনালের আগে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠেছে। অন্য দিকে লিভারপুলের জন্য এটি ছিল মৌসুমের ১২তম হার। লিগের শেষ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়ায় চ্যাম্পিয়ন লিগে তাদের অবস্থান এখন হুমকির মুখে, কারণ বোর্নামাউথ ও ব্রাইটন তাদের পেছনে তাড়া করছে।
ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, “আমরা ফলাফলে হতাশ। আমাদের রক্ষণভাগে সহজে গোল হজম করার প্রবণতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”



