বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে জামায়াতের সহায়তা

Printed Edition

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আটটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শনিবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে দলটির পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থসহায়তা প্রদান করেন।

এ সময় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে মাওলানা জহিরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী একটি মানবতার সংগঠন। সেই দায়বদ্ধতা থেকেই আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারিভাবে আরো সহায়তার ব্যবস্থা করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। তিনি সমাজের বিত্তবানদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আটটি পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্র ভস্মীভূত হয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। সহায়তা প্রদানকালে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলামসহ স্থানীয় ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।