সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারের স্কুলশিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াড ৩.০’-এর পুরস্কার বিতরণ গতকাল শনিবার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সাভার সায়েন্স সোসাইটির আয়োজনে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
আয়োজকেরা জানান, এবারের অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ১২ জন, গ্র্যান্ড রানারআপ ৩৯ জন ও রানারআপ ৪২৭ জনসহ প্রায় ৫০০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি ১০০ জন স্কুল প্রতিনিধিকেও সম্মাননা দেয়া হয়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর সাভার মডেল কলেজে অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাভার ও আশুলিয়ার প্রায় ৮০টি স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণীর প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফয়েজ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মুহসিন ও সহযোগী অধ্যাপক ড. মো: আনারুল হক মণ্ডল। এ ছাড়া সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।
সাভার সায়েন্স সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সভাপতি মো: মুজাহিদুল ইসলাম ও সহসভাপতি মো: ওমর ফারুক এ উপলক্ষে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও উচ্চশিক্ষায় আগ্রহী হওয়ার আহ্বান জানান।



