বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

Printed Edition
এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারী গতকাল যশোরের বেনাপোলের সাদীপুর সীমান্ত এলাকা পরিদর্শনে যান :  নয়া দিগন্ত
এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারী গতকাল যশোরের বেনাপোলের সাদীপুর সীমান্ত এলাকা পরিদর্শনে যান : নয়া দিগন্ত

বেনাপোল (যশোর) সংবাদদাতা

যশোরের বেনাপোল সাদীপুর সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারীদের বাংলাদেশী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইন করা হচ্ছে এ ধরনের সংবাদ পেয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গতকাল দুপুরে বেনাপোল সাদীপুর সীমান্ত পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে জামায়াতের বেনাপোল থানা আমির ও এনসিপির যশোর জেলা সমন্বয়ক-সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাস্তায় বাধা দিতে পারে এ আশঙ্কায় পুলিশের কড়া নিরাপত্তায় বিকল্প পথে নাসীরুদ্দীন পাটওয়ারী সাদীপুর সীমান্তে এসে পৌঁছান । সীমান্ত এলাকা পরিদর্শন করে তিনি বলেন, রাতের গভীরে বিএসএফ সন্ত্রাসীরা ভারতীয় বাঙালীদের বাংলাদেশী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালাচ্ছে। তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশে বলেন, আমরা কোনোভাবেই পুশইন মেনে নেব না। সরকারকেই এটা প্রতিহত করতে হবে। আগে থেকে সরকার যদি বিএসএফের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে ভারত সরকার আজ এটা করতে সাহস পেত না। তিনি বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল পুশইন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। বিএসএফ যাতে পুশইন করতে না পারে সরকারকেই তার ব্যবস্থা নিতে হবে। বর্তমানে সরকারের যে পররাষ্ট্র নীতি আছে সেটা একটা ভঙ্গুর নীতি। এটা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না।

তিনি সীমান্তবাসীর উদ্দেশে বলেন, কেউ রাতের আঁধারে পুশইন করার চেষ্টা করলে আপনারা বিজিবিকে সহযোগিতা করবেন এবং নিজেরা রাত জেগে পাহারা দেবেন যাতে বিএসএফ কোনো ভারতীয়কে বাংলাদেশে পুশইন করতে না পারে। এ সময় তিনি আরো বলেন, দলমত নির্নিশেষে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা সরকার গঠন করলে সীমান্ত এলাকাবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিজিবিকে শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলে বিশ্ববাসীকে জানান দেয়া হবে যে, বাংলাদেশ নামে একটি শক্তিশালী রাষ্ট্র আছে। বাংলাদেশকে ভারতের কড়া বার্তা দিতে হবে যে, বাংলাদেশে কোনো পুশইন চলবে না। কোনো অবস্থাতেই আমরা পুশইন মেনে নেব না।

দুপুর একটার দিকে বেনাপোল থেকে ফিরে যাওয়ার পথে রাস্তায় কিছু যুবক নাসীরুদ্দীনের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। বেলা সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেনাপোলের সাদীপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। হামলায় চারজন আহত হয়েছেন বলে দাবি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন- ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।।তবে এ ধরনের কোনো হামলা ঘটেনি বলে জানিয়েছেন বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন। ওসি দাবি করেন এনসিপির করা অভিযোগ সঠিক নয়।