নিজস্ব প্রতিবেদক
নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব-১, সহকারী একান্ত সচিব-১ এবং প্রটোকল অফিসার নিয়োগ দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়েল যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরীদিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ করা হলো।
প্রধানমন্ত্রী যত দিন পদ অলঙ্কৃত করবেন অথবা মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরীদিকে তার একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন তত দিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ (এপিএস-১) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: উজ্জ্বল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ নিয়োগ করা হয়।



