টঙ্গীতে ২৬ চোরাই মোবাইল উদ্ধারের পরই সাংবাদিককে ছিনতাইয়ের চেষ্টা

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর টঙ্গীতে চোরাই মোবাইল উদ্ধার অভিযানের কয়েক ঘণ্টা না পেরোতেই গতকাল সকালে প্রকাশ্যে এক সংবাদকর্মীকে অস্ত্রের মুখে ছিনতাইচেষ্টা করা হয়েছে। একদিনের ব্যবধানে ঘটে যাওয়া এ দু’টি ঘটনায় টঙ্গীর রেলগেট, নতুন বাজার ও আশপাশ এলাকায় সঙ্ঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের সবুরা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান (১৯) নামে এক যুবককে আটক করে জিএমপি ডিবি দণি বিভাগ।

পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক (নি.) সৈয়দ মিজানুর ইসলাম ও এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ‘ম্যাক মোবাইল সেলস অ্যান্ড সার্ভিসিং সেন্টার’-এর সামনে অভিযান চালানো হয়। পরে রাত ১২টা ১০ মিনিটে মেহেদীর কাছে থাকা একটি স্কুলব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ ৭৬ হাজার টাকা।

উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে আটটি স্যামসাং, তিনটি ভিভো, দু’টি অপো, দু’টি রিয়েলমি, দু’টি এমআই, একটি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ও বাটন ফোন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক টঙ্গী বাজার ও আশপাশ এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ দিকে এর কয়েক ঘণ্টা পর গতকাল সকালে টঙ্গী নতুন বাজার রেলগেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইচেষ্টার শিকার হন সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল, দৈনিক সংবাদের সহসম্পাদক, মফস্বল ডেস্ক।

ভুক্তভোগী জানান, সকালে রেলগেট এলাকা পার হওয়ার সময় কয়েকজন যুবক তার পথরোধ করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা মোবাইল নিতে ব্যর্থ হয়। একপর্যায়ে রাব্বি নামে এক যুবক সুইস গিয়ার সদৃশ ধারালো অস্ত্র বের করে ভয়ভীতি দেখায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ টঙ্গীর ব্যাংকমাঠ বস্তি ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে একটি সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। চক্রটি ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এ দিকে একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে চোরাই মোবাইল উদ্ধার ও ছিনতাইচেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা আরো বেড়েছে। এলাকাবাসী দ্রুত জড়িতদের গ্রেফতার এবং টঙ্গী রেলগেট, নতুন বাজার ও আশপাশ এলাকায় পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন।