নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশী নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় সংঘটিত ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নিহতদের একজন মো: মুরসালিন, স্থানীয় একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অন্যজন নবীর হোসেন। বিনা বিচারে একটি স্বাধীন দেশের নাগরিককে হত্যা করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরো বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও কার্যকর সমাধান না আসায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা, গণমাধ্যম ও পর্যবেক্ষণমূলক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক দশকে সীমান্তে বিএসএফের গুলিতে কয়েক শতাধিক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন বলে উল্লেখ পাওয়া যায়। বারবার প্রতিবাদ ও কূটনৈতিক আলোচনা সত্ত্বেও এ ধরনের ঘটনা বন্ধ না হওয়ায় সীমান্তে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।
ছাত্রশিবির নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে সীমান্তে এ ধরনের প্রাণঘাতী ঘটনা রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কূটনৈতিকভাবে আরো শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান।



