পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষাভাষী ও জাতিসত্তার মানুষ আজ তাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, ইতিহাস ও ঐতিহ্যের প্রসার ঘটিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষাভাষী মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ বৈচিত্রের এক অনন্য প্রতিচ্ছবি।
গত শনিবার রাতে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে চট্টগ্রামে বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রকৌশলী পরিবার আয়োজিত বৈসুক, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু, চাংক্রান, চাংলান ও পাতা উৎসবের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামে কর্মরত পার্বত্য চট্টগ্রামের প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিজেকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আপনাদের পরিচয়, ঐতিহ্য ও কৃষ্টি নিজের কাছে সীমাবদ্ধ না রেখে দেশের সবার কাছে ছড়িয়ে দিন। আপনাদের ইনোভেশন ও সব উন্নয়ন কাজ দেশের মানুষের কল্যাণে এবং দেশের সমৃদ্ধিতে নিবেদন করুন। পার্বত্য জনগোষ্ঠীর মানুষ তাদের মেধা, শ্রম ও দক্ষতার মাধ্যমে চট্টগ্রামকে সমৃদ্ধ করছেন। প্রকৌশলী, চিকিৎসকসহ বিভিন্ন পেশাজীবীরা চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি বলেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের অহঙ্কার। আমরা বাংলাদেশী। প্রকৌশলী প্রু মং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। বিজ্ঞপ্তি।



