ক্রীড়া প্রতিবেদক
আসন্ন টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্ব শুরুর আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে দু’টিতেই জিতেছেন নিগার সুলতানা জ্যোতি বাহিনী। গতকাল শেষ প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে নেদারল্যান্ডসকে হারিয়েছে ২৬ রানে।
নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ১৯ রানের মাথায় সাজঘরে ফেরেন দিলারা আক্তার (৬)। আগের ম্যাচে মাত্র দুই রান করা ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ২৯ বলে দুটি চার ও একটি ছক্কায় ৩১ রান করে আউট হন। এরপর দলকে ৫১ রানের জুটি উপহার দেন শারমিন আক্তার ও দলনেতা নিগার সুলতানা জ্যোতি। ৩১ বলে ২৮ রানে শারমিন ও ২২ বলে ২৮ রানে জ্যোতি সাজঘরে ফিরেন। ১৪ বলে স্বর্ণা আক্তার ২৪ ও ১৫ বলে শবনম মোস্তারি সমান ২৪ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করে টাইগ্রেসরা।
১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। ব্যাট হাতে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র দু’জন ব্যাটার। ফিফটির দেখা পেয়েছেন নান্নাপাত কোনছারেকাই। ৪৮ বলে ৫২ রান করেন তিনি। আর ১৮ বলে ২৫ রান করেন ছানিডা সুথিরুয়াগ। থাইল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১১৭ রান। বাংলাদেশের হয়ে দু’টি উইকেট নেন ফারিয়া তৃষ্ণা। একটি করে উইকেট নেন তিনজন। ম্যাচসেরা স্বর্ণা আক্তার।



