ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে - স্বাস্থ্যমন্ত্রী

Printed Edition

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে উন্নয়নের বদলে ব্যাপক লুটপাট হয়েছে। তাই দীর্ঘদিনের বেহাল ওই স্বাস্থ্য সেবার মান বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে বর্তমান সরকার। আগামী বাজেটের পরে সেবা গ্রহীতারা গৃহীত কর্মসূচির এসব সুফল ভোগ করতে পারবেন। তিনি গত বুধবার (২৭ মে) দুপুরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম ও ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্যকালে এ কথা বলেন। তিনি আরো বলেন, স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। যেকোনো মূল্যে দুর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রান্নাঘরে প্রবেশ করেন এবং রোগীদের জন্য তৈরি করা খাবার পরখ করে দেখেন। তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের গুণগত মান নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। পরে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে আন্তরিক হতে হবে। তিনি স্বাস্থ্য খাতকে আরো স্বচ্ছ ও উন্নত করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে বলেন, অল্প সময়ের মধ্যেই হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক সেবাকেন্দ্রের পাশাপাশি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

অন্য দিকে মহিলাদের সুখি বড়ি ও পুরুষদের কনডম স্বল্পতার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কনডমের জন্য কাঁচামাল সরবরাহ করা হয়েছে। শিগগিরই বাংলাদেশের সব স্বাস্থ্য কমপ্লেক্সে সুখি বড়ি ও কনডম সরবরাহ নিশ্চিত করা হবে। হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ০১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো: মাজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকুসহ সংশ্লিষ্ট ডাক্তার ও নার্স। স্থানীয় লোকজন জানান, স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন হোসেনপুর হাসপাতালের সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।