ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

Printed Edition
ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন
ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’ নতুন রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী রূপে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে এমক্যাশের রিব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর আরিফ হোসেন খান। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খাঁন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো: আবদুস সালাম এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো: আবদুল জলিলসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, জোনপ্রধান ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকের ৩ কোটির বেশি গ্রাহক এবং ৪০০ শাখা, ২৭১ উপশাখা ও প্রায় দুই হাজার ৮০০ এজেন্ট আউটলেটের বৃহৎ নেটওয়ার্ক রয়েছে। এই শক্তিশালী অবকাঠামো কাজে লাগিয়ে এমক্যাশকে আরো এগিয়ে নিতে হবে। তিনি বলেন, রেমিট্যান্স প্রবাহেও এমক্যাশকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে এবং ক্যাশলেস সোসাইটি গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গ্রাহকদের আস্থা অর্জন, প্রণোদনা ও ক্যাশব্যাকের মাধ্যমে ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। রিটেইল ও এসএমই খাতে কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বিস্তারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, রাজস্ব বাড়বে এবং অর্থনীতিতে স্বচ্ছতা আসবে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, ৩ কোটি গ্রাহকের শক্তি নিয়ে এমক্যাশ শিগগিরই বাজারে শীর্ষস্থান অর্জন করবে। তিনি সবাইকে এমক্যাশ ব্যবহারে উৎসাহিত করেন।

এমক্যাশের মাধ্যমে এমক্যাশ-টু-এমক্যাশ সেন্ড মানিতে কোনো ফি নেই এবং ক্যাশআউট চার্জ হাজারে ১৩.৯০ টাকা। ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা ও এটিএম থেকে ক্যাশআউট চার্জ হাজারে মাত্র ৭ টাকা। বিদেশী রেমিট্যান্স সরাসরি এমক্যাশে গ্রহণ করা যায়। এ ছাড়া ভিসা ও মাস্টারকার্ড থেকে অ্যাড মানি, বিভিন্ন ইউটিলিটি বিল, মেট্রোরেল র‌্যাপিড পাস রিফিল, সরকারি ভাতা ও বেতন প্রদানসহ ২৪ ঘণ্টা দেশব্যাপী সহজ ও নিরাপদ লেনদেনের সুবিধা দিচ্ছে এমক্যাশ। বিজ্ঞপ্তি।