এনডিটিভি
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পারিবারিক বিবাদের জেরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে মূল সন্দেহভাজনসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্য মতে, অঙ্গরাজ্যটির মাস্কাটিন শহরের দু’টি পৃথক আবাসিক বাড়ি এবং একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সময় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই ওই বন্দুকধারীর পরিবারের সদস্য ছিলেন। মাস্কাটিন পুলিশ বিভাগ এক দাফতরিক বিবৃতিতে জানায়, সোমবার আনুমানিক দুপুর ১২টা ১২ মিনিটে শহরের পার্ক অ্যাভিনিউ এলাকার একটি আবাসিক বাড়িতে প্রথম গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল সেখানে পৌঁছায়। পুলিশ কর্মকর্তা ও জরুরি উদ্ধারকর্মীরা ওই বাড়ির ভেতর থেকে চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলেই চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। তদন্তকারীরা দ্রুত স্থানীয়দের সহায়তায় হামলাকারী হিসেবে মাস্কাটিনের বাসিন্দা ৫২ বছর বয়সী রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে শনাক্ত করেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি ওই বাড়ি থেকে পালিয়ে যান।



