নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম বলেছেন, ঢাকা শহরকে একটি বাসযোগ্য, আধুনিক এবং ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন নিরলস কাজ করে যাচ্ছে। তবে এই লক্ষ্য বাস্তবায়নে সরকার ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সংগঠন এবং সাধারণ নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।
গতকাল রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে (প্রত্যাশা চত্বর) শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, সাপ্তাহিক ক্লিনিং ডে-এর আওতায় আমরা নগরজুড়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করছি। তবে মশা নিয়ন্ত্রণে সফল হতে হলে নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজেদের বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেয়া আমাদের নাগরিক দায়িত্ব। তিনি আরো উল্লেখ করেন, ঢাকা শহরকে সবুজায়নের মাধ্যমে সুশোভিত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শহরকে বাসযোগ্য রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শুরুতে প্রশাসক সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে একটি চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় শাহবাগ থানা বিএনপি ও স্থানীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



