ক্রীড়া প্রতিবেদক
নারী সাফে বাংলাদেশ দলের হ্যাটট্রিক শিরোপার মিশন এখন সংশয়ের মুখে। তাদের গত দুই সাফের শিরোপা জয়ের ঘটনা ঘটেছিল নেপাল ও ভারতকে হারিয়ে। নেপালকে ফাইনালে এবং ভারতকে গ্রুপ পর্বে হারিয়েছিল গোলাম রাব্বানী ছোটন বাহিনী ও পিটার জেমস বাটলার বাহিনী। এবার সেই গ্রুপ পর্বেই ভারতের কাছে নাস্তানাবুদ হওয়া। পরশু গ্রুপ পর্বের ম্যাচে মারিয়া মান্ডাদের অসহায় আত্মসমর্পণ ভারতের কাছে। ফরোয়ার্ড থেকে রক্ষণ প্রাচীর পর্যন্ত সর্বত্রই ভুলের মিছিল। ফলে ০-৩ গোলে হার। এই হারের ফলেও এবারের নারী সাফের সেমিতে চলে গেছে বাংলাদেশ। তা গ্রুপ রানার্সআপ হয়ে। ফলে আগামীকাল সেমিতে তারা পাচ্ছে নেপালকে। এখন পিটার বাটলারের দল কি পারবে ভারতের কাছে বাজে হারের ধাক্কা সামলিয়ে ঘুরে দাঁড়াতে। শিরোপা জয়ের আশা জিয়েই রাখতে।
তবে বাংলাদেশ দলের ভেতর যে পেশাদারিত্বের অভাব, গা ছাড়া ভাব কয়েক সিনিয়র খেলোয়াড়দের এটা দূর করা না গেলে নেপালের কাছেও হারতে হবে। পরশু ভারতের বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচে মোটেই ভালো খেলতে পারেননি তারকা মিডফিল্ডার মণিকা চাকমা। ফলে তাকে তুলে নিতে হয়। এরপর বদলি হিসেবে মাঠে নামা তহুরা খাতুনের শরীরের ভাষা খেলার মতো ছিল না। তিনি দ্রুত ওয়ার্মআপে না গিয়ে হেঁটে হেঁটে যান। যা ভীষণ ক্ষুব্ধ করেছে কোচ বাটলারকে। জানা গেছে, খেলা শেষে কোচ বাটলার ড্রেসিং রুমে প্রচণ্ড রাগ করেন মণিকার ওপর। কোচের বক্তব্য ছিল, মণিকা তুমি আরো ভালো খেলতে পারতে।’ উল্লেখ্য, ইনজুরি কারিয়ে ফিরেছেন গত সাফের ফাইনালে ভারতের বিপক্ষে গোল করা মণিকা।
জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে ৬০টির কাছাকাছি গোল করেছেন তহুরা খাতুন। তবে সাম্প্রতিক সময়ে তার ফর্ম নেই। তাই একাদশে জায়গা হারিয়েছেন। পরশু যখন তাতে বিরতির পর বদলি হিসেবে নামানো হয় তখন ওয়ার্মআপ জোনে গেছেন ধীর লয়ে। হেঁটে হেঁটে। এটাও মেনে নিতে পারেননি কোচ। তাই ম্যাচোত্তর সংবাদ সম্মেলনে কোচের ক্ষুব্ধ কণ্ঠ, ভারতের খেলোয়াড়রা ওয়ার্মআপ জোনে যায় দৌড়ে দৌড়ে। কারণ তাদের খেলার ইচ্ছেটা প্রবল। আর বাংলাদেশের খেলোয়াড়রা যায় হেঁটে হেঁটে। সময় মতো ওয়ার্মআপ জোনে পৌঁছায় না।
কোচ বাটলার অবশ্য সেমিফাইনাল জয়ের ব্যাপারে আশাবাদী। জানান, সেমিফাইনাল হবে নতুন দিন। বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে।
ভারতের কাছে হারের দায় এড়াতে পারবেন না খোদ কোচ বাটলারও। ফর্মের জন্য তিনি সাবেক অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিকে বাদ দিয়েছেন। নামিয়েছেন সুরমা জান্নাতকে। অথচ এই সুরমা জান্নাতও ভুলে পা দিয়ে গোল খাইয়েছেন। মালদ্বীপের বিপক্ষে প্রথম একাদশে থেকে গোল করা উমেহেলা মারমাকে ভারতের বিপক্ষে প্রথমে নামানো হয়নি। নামানো হয়েছে পরে। যখন খেলা হাতছাড়া। মালদ্বীপের বিপক্ষে গোল করা স্ট্রাইকার সৌরভী আকন্দ প্রীতিও কোচের প্রথম একাদশে জায়গা পাননি। এই সবের যোগফলেই ভারতের বিপক্ষে সাত বছর পর সাফে হার।
বাংলাদেশ অবশ্যসাফের সেমিফাইনালে কখনই জিততে পারেনি নেপালের বিপক্ষে। ২০১০ সালে প্রথম সাফে বাংলাদেশ সেমিতে তাদের কাছে ০-৩ গোলে হেরেছিল। ২০১৪ সালে ০-১ গোলে হার। ২০১৯ সালে গ্রুপ পর্বে নেপালিদের কাছে ০-৩ গোলে হারতে হয়েছিল। এবার কি আগের সেই হারের বদলা নিতে পারবে বাংলাদেশ দল।



