চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডা: গোলাম মূর্তাজা হারুন : চসিক মেয়র

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

ডা: গোলাম মূর্তাজা হারুন চিকিৎসকদের অধিকার আদায় ও পেশাগত মানোন্নয়ন আন্দোলনের এক অগ্রপথিক ছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। তিনি বলেন, ডা: গোলাম মূর্তাজা হারুন শুধু একজন চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন চট্টগ্রামের অন্যতম একজন অভিভাবক। চট্টগ্রামের অনেক ক্রান্তিকালে তিনি সবার আগে এগিয়ে এসেছেন। বিএমএ ও ড্যাবের শীর্ষ নেতৃত্বে থেকে তিনি চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং চিকিৎসকদের মর্যাদা রক্ষায় আজীবন কাজ করে গেছেন। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরির মাধ্যমে চট্টগ্রামে আধুনিক চিকিৎসাসেবা ও ডায়াগনস্টিক সুবিধাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তার অবদান চিরস্মরণীয়।

তিনি গতকাল রোববার বাদে আসর কাতালগঞ্জ কাতালশাহ জামে মসজিদে বিএমএ চট্টগ্রাম শাখা ও ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা: এ এ গোলাম মূর্তাজা হারুনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামে চিকিৎসকদের কাছে বিপদের বন্ধু নামে পরিচিত ছিলেন ডা: গোলাম মূর্তাজা হারুন। যেকোন সঙ্কটে সবার আগে তিনিই এগিয়ে এসেছেন। শুধু চিকিৎসকেরাই নয়, সাধারণ মানুষও আজ তার অবদানের কথা স্বীকার করতে বাধ্য।

মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা: তমিজ উদ্দীন আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সদস্যসচিব ডা: এস এম সারোয়ার আলমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা: মো: জসিম উদ্দিন, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা: খুরশীদ জামিল চৌধুরী, ড্যাব চট্টগ্রামের উপদেষ্টা ডা: মো: আবুল কালাম, অধ্যাপক ডা: মো: আব্দুল মোত্তালিব, ডা: মর্তুজা রেজা হাসান, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: বেলায়েত হোসেন ঢালী, মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা: ইফতেখারুল ইসলাম লিটন, ডা: মোস্তাফিজুর রহমান, মরহুমের ছোট ভাই গোলাম ফারুক মামুন ও সন্তান তাসাদ্দক মূর্তাজা, অধ্যাপক ডা: আনিসুল হোসেন বাবুল, ড্যাব চমেক শাখার যুগ্ম সম্পাদক ডা: মিনহাজুল আলম, সাংগঠনিক সম্পাদক ডা: তানভীর হাবিব তান্না, জেলা ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা: মোদ্দাচ্ছির রহমান, ডা: সাইফুদ্দিন আজাদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা: মোনায়েম ফরহাদ প্রমুখ।