রোহিঙ্গাদের ভুলে না যাওয়ার আহ্বান জাতিসঙ্ঘের

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও মানবিক সহযোগীরা বাংলাদেশে থাকা রোহিঙ্গা উদ্বাস্তুদের ভুলে না যাওয়ার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল জেনেভার প্যালেস দে নেশনসে আয়োজিত ব্রিফিংয়ে ইউএনএইচসিআরের মুখপাত্র বাবর বালুচ এ আহ্বান জানান। তিনি বলেন, চলতি বছর মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে ব্যাপক আকারে জোরপূর্বক বাস্তুচ্যুতির ৯ বছর পূর্ণ হবে। ইউএনএইচসিআর জাতিসঙ্ঘের সহযোগীদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশে থাকা প্রায় ১২ লাখ শরণার্থীকে ভুলে না যাওয়ার আহ্বান জানাচ্ছে। শরণার্থীদের মৌলিক চাহিদা মেটানো এবং সুরক্ষা প্রদানে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদার সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

গত মাসে জাতিসঙ্ঘ এবং অংশীদাররা বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় আশ্রয়দাতা সম্প্রদায়ের সবচেয়ে জরুরি চাহিদা মেটাতে ৭১০ মিলিয়ন (৭১ কোটি) ডলারের তহবিলের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছে। ক্রমবর্ধমান চাহিদা সত্ত্বেও এই অতি-অগ্রাধিকারভিত্তিক তহবিলের আবেদনটি গত বছরের তুলনায় ২৬ শতাংশ কম।

মুখপাত্র বলেন, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় মানবিক তহবিল বাংলাদেশকে জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত রাখতে এবং শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষায় অগ্রগতি অর্জনে সক্ষম করেছে। তবে উল্লেখযোগ্য মানবিক চাহিদা এখনো বিদ্যমান এবং অব্যাহত আন্তর্জাতিক সংহতি ছাড়া রোহিঙ্গা পরিবারগুলোর দুর্দশা আরো বাড়বে। তিনি বলেন, যতক্ষণ না রাখাইনে সঙ্ঘাত ও সহিংসতা বন্ধ হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার থেকে আসা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করে যেতে হবে, মানবিক সহায়তা দিয়ে যেতে হবে এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়ার প্রচেষ্টা আবারো শুরু করতে হবে।