নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৪ জনসহ বিভিন্ন স্থানে ৯ জন নিহত হয়েছেন।
কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কালাকচুয়ায় বাসচাপায় প্রাইভেট কারের চালকসহ চারজন নিহত হয়েছেন। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে। ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন এই তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় অবস্থিত মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত হন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় শিশুসহ প্রাইভেটকারের চার আরোহীকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে আরো তিনজনের মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। বাস ও প্রাইভেটকার মহাসড়ক সরানো হয়েছে।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহা সড়কের উপজেলার মাইজহাটি এলাকায় এ ঘটনা সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত আরিয়ান সাব্বির উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে এবং কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলেরঘাট বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন সাব্বির। মাইজহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাব্বির। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বিনিয়াছড়া বাজারের পাশে সবুজ পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কের চকরিয়া উপজেলা বানিয়াছড়ার বাবুর্চির বাড়ির সামনে কক্সবাজারগামী সবুজ পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ও ট্রাককে পেছনের দিকে ধাক্কা দিলে গাড়ির নিচে চাপা পড়ে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহতরা হলেন- ঢাকার উত্তর খান থানার আঁটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) ও একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩৩)।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, বান্দরবান-চন্দ্রঘোনা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক প্রকৌশলী নিহত হয়েছে। নিহতের নাম উক্যসিং মারামা (৩৪)। গত বুধবার রাত পৌনে ১১টায় চন্দ্রঘোনা থানার সিলমারা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাঙাল হালিয়া থেকে রাইখালী মোটরসাইকেলে আসার পথে প্রকৌশলী উক্যসিং নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি রাইখালী ইউনিয়নের মতিপাড়ায়। সে সাচিংমং মারমার ছেলে।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো: সুলতান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা। তিনি সাভারের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কাওয়ালী পাড়া থেকে সিএনজিতে কালামপুরের দিকে যাচ্ছিলেন সুলতান। সিএনজিটি বাটুলিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনে বসা সুলতান ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালামপুরের একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



