সময়ের আগেই বর্জ্য অপসারণ করল রাসিক

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। পবিত্র ঈদুল আজহার দিন দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে নগরী পরিচ্ছন্ন রাখার ঘোষণা দিয়েছিলেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন এবং পূর্বঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে ঈদের দিনেই মাঠে নামেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাসিক প্রশাসকের ঘোষণা ছিল- ‘৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্ন হবে রাজশাহী।’ নির্ধারিত সময়ের আগেই সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেয়া হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার ঈদের দিন দুপুর ১২টা থেকে ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণকার্যক্রম শুরু হয়। প্রথমে দুপুরে ওয়ার্ড পর্যায়ে এবং বিকেলে বুলনপুর এসটিএস, রুয়েট সংলগ্ন এসটিএস, রাবি এসটিএসসহ বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণকার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক।

প্রশাসকের গতিশীল নেতৃত্বে এক হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মীর নিরলস প্রচেষ্টায় নগরীর প্রতিটি ওয়ার্ডে দ্রুততার সাথে বর্জ্য অপসারণকার্যক্রম পরিচালিত হয়। নগরীকে দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে কোরবানির বর্জ্য অপসারণের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হয়। এ কাজে প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জাম ও জনবল সার্বক্ষণিকভাবে নিয়োজিত ছিল।

ঈদের দিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত পাড়া-মহল্লা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ করে ভ্যানযোগে সিটি করপোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) স্থানান্তর করা হয়। যার মাধ্যমে ইতোমধ্যে রাজশাহী নগরী ক্লিন হয়েছে। এ অর্জনে নগরবাসী, পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, নাগরিকদের সহযোগিতা ও পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই নির্ধারিত সময়ের আগেই মহানগরী পরিচ্ছন্ন করা সম্ভব হয়েছে। নাগরিক সেবা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।