প্রশান্ত মহাসাগরে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা : নিহত ৩

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরেকটি জলযানে হামলা চালিয়েছে তারা আর তাতে তিনজন নিহত হয়েছে। এই নিয়ে শুক্র ও শনিবার, পরপর দুই দিন ওই অঞ্চলে দু’টি জাহাজে হামলা চালাল মার্কিন বাহিনী। রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড শনিবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, তাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করে যে ওই জলযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের ‘মাদক পাচারের’ রুট ধরে যাচ্ছে আর এটি ‘মাদক পাচার’ কার্যক্রমে জড়িত। পোস্টে তারা বলেছে, “এই অভিযানে তিন পুরুষ মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কেউ আঘাত পায়নি।”

এটি গত কয়েক মাসের মধ্যে এ ধরনের সর্বশেষ ঘটনা। এর আগে শুক্রবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, তারা পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি জলযানে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে। এই নৌযানটিও ‘মাদক পাচার’ কার্যক্রমে জড়িত ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড। রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। এসব ঘোষণার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদক পাচারকারী জাহাজ ধ্বংসের সাফল্য তুলে ধরছে। প্রেসিডেন্ট ট্রাম্প ‘আমেরিকানদের হত্যা করা’ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।