উপদেষ্টাদের দুর্নীতির বিষয় দুদক দেখবে : মির্জা ফখরুল

Printed Edition
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন  : নয়া দিগন্ত
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন : নয়া দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে বিএনপি কোনো পদক্ষেপ নেবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব বিষয়ে আমাদের সময় নষ্ট না করে ভবিষ্যতের দিকে দেখা উচিত। কিভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, সেই বিষয়গুলো আমাদের নজর দেয়া উচিত। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। আমরা দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, দেবোও না। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলার সব সরকারি দফতর প্রধান কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরো জানান, ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে, মন্ত্রণালয়ের টিম ঠাকুরগাঁওয়ে সরেজমিন কাজ করছে। খুব দ্রুত মেডিক্যাল কলেজ চালু হবে, আগামী ২০২৭ থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে। নিশ্চয়ই এটি আমাদের জন্য ভালো খবর।

জেলার উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে মির্জা ফখরুল বলেন, কৃষি, শিল্প, রাস্তাঘাট, পৌরসভা, হাসপাতালসহ সব সমস্যা শুনে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করা হচ্ছে। কৃষিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ছাড়াও অন্যান্য কর্মসূচি নিয়ে কথা হয়েছে।

তিনি আরো বলেন, আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় যে কর্মসূচি ফ্যামিলি কার্ডের, অবিলম্বে তার কার্যক্রম শুরু হচ্ছে। ঠাকুরগাঁওয়ের রগিমানপুরে এটি প্রথম চালু হবে।

এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ জেলার সব সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।