রাশিয়া-ইউক্রেন বন্দিবিনিময়

Printed Edition

আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বড় ধরনের এক চুক্তির ধারাবাহিকতায় শুক্রবার রাশিয়া ও ইউক্রেন পরস্পর ২০৫ জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে। উভয় পক্ষই এই তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্পের মধ্যস্থতায় এক হাজারের বদলে এক হাজার বন্দিবিনিময়ের যে বড় চুক্তি হয়েছিল, এটি তারই অংশ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সেনাদের বন্দিদশা থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত মানবিক সহায়তা প্রদান করেছে। মুক্তি পাওয়া রুশ সেনারা বর্তমানে বেলারুশে রয়েছেন এবং সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা দেয়া হচ্ছে। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের রাশিয়ায় নেয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক বার্তায় জানান, মুক্তি পাওয়া ইউক্রেনীয়দের মধ্যে সাধারণ সৈন্য থেকে শুরু করে সার্জেন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এদের মধ্যে অধিকাংশ মানুষই ২০২২ সাল থেকে রাশিয়ার বন্দিশালায় আটক ছিলেন। তিনি আরো বলেন, এই বিনিময়টি মূলত এক হাজারের বদলে এক হাজার বন্দিবিনিময়ের প্রথম ধাপ। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন যে, রাশিয়া ও ইউক্রেন শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনের যুদ্ধবিরতি এবং এক হাজার করে বন্দিবিনিময়ে সম্মত হয়েছে। এর আগে গত এপ্রিলে মস্কো ও কিয়েভ দুইবার বন্দিবিনিময় করেছিল। প্রথমটি ছিল অর্থোডক্স ইস্টার চলাকালীন যেখানে উভয় পক্ষ ১৭৫ জন করে এবং দ্বিতীয়টি ২৪ এপ্রিল ১৯৩ জন করে সৈন্য বিনিময় করেছিল।