ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক প্রীতিম্যাচ খেলল ব্রাজিল। দেশের মাটিতে নিজেদের শেষ ম্যাচে আশা জাগানিয়া জয় পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একপেশে ফুটবলে পানামার জালে ছয়বার বল পাঠাল কার্লো অ্যানচেলোত্তির দল। গোলরক্ষক ওয়েভারটন ছাড়া বেঞ্চের খেলোয়াড়ের সবাইকেই পরখ করলেন কোচ। এতে বিরতির পর যেন ভয়ঙ্কর ব্রাজিলকে দেখল পানামা। শেষ পর্যন্ত ৬-২ গোলের জয়ে ঘরের মাঠের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলো সেলেকাওরা।
এ দিকে দেশের মাটিতে বিশ্বকাপ মিশন শুরুর আগে গতিময় ফুটবল আর চমৎকার ফিনিশিংয়ে ফিনল্যান্ডকে ৪-০তে উড়িয়ে দিয়েছে জার্মানিও। নজরকাড়া ফুটবলে নিজেদের সামর্থ্যরে ঝলক দেখাল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাভে এরিনায় গত পরশু জোড়া গোল করেছেন ডেনিস উনডাফ। একবার করে জালের দেখা পেয়েছেন ফ্লোরিয়ান উইর্টজ ও জামাল মুসিয়ালা।
রিও ডি জেনিরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে গত পরশু ম্যাচ শুরুর ১ মিনিটেই কানায় কানায় পূর্ণ দর্শকদের উল্লাসে ভাসান ভিনিসিয়াস জুনিয়র। ক্যাসেমিরোর কাছ থেকে বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। ৬ মিনিটে ভিনিসিয়াস ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেলেও এবার বঞ্চিত হতে হয় পানামা গোলরক্ষক অরলান্দো মসকেরার প্রচেষ্টায়। ১৩ মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় সমতা টানে পানামা। মাইকেল আমির মুরিলোর ফ্রি কিক ঠেকাতে মাঝপথে লাফিয়ে ওঠা কুনহার মাথায় লেগে দিক পাল্টে বল জড়ায় জালে। মরিয়া চেষ্টায়ও আর বলের নাগাল পাননি আলিসন।
৩৯ মিনিটে আবার ২-১ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়াসের চমৎকার ক্রসে দারুণ হেডে জাল খুঁজে নেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। বিরতির পর ডিফেন্ডার লিও পেরেইরা ছাড়া বাকি ১০ জনকেই বদলে ফেলেন ব্রাজিল কোচ অ্যানচেলোত্তি। এতে খেলার গতি আরো বাড়লে ৫২ মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেয় ব্রাজিল। ইগর থিয়াগোর কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন রায়ান। ৭ মিনিট পর স্কোর লাইন ৪-১ করেন লুকাস পাকুয়েতা। ডি বক্সের মাথা থেকে এই মিডফিল্ডারের শট পানামার একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ৬২ মিনিটে সফল স্পট কিকে ৫-১ ব্যবধান করেন থিয়াগো। ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পানামা গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। ৮০ মিনিটে ব্রাজিলের হয়ে ষষ্ঠ গোলটি করেন দানিলো। পাকেতার ক্রসে বল নিয়ন্ত্রণে নিয়ে সাথে লেগে থাকা ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে জাল খুঁজে নেন তিনি। তিন মিনিট পর ডি বক্সের বাইরে আলগা বল পেয়ে গোল করে ব্যবধান ৬-২ করেন পানামার কার্লোস হার্ভে।
বিশ্বকাপ শুরুর আাগে আরো একটি প্রীতিম্যাচ খেলবে ব্রাজিল। আগামী রোববার নিজেদের শেষ প্রীতিম্যাচে মিশরের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল।



