জীবননগরে মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলা

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর থেকে পারিবারিক অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি ফেরার পথে কুষ্টিয়া সদরের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত হয়েছেন মুফতি আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বকর সিদ্দীক ও তার গাড়িচালক সাদ্দাম হোসেন। হামলাকারীরা হলেন হাসাদাহ বাজারের বাসিন্দা বিএনপি কর্মী মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন।

মুফতি আমির হামজার শ্যালক আবু বকর জানান, পাশের উপজেলা মহেশপুর থেকে দুলাভাই আমির হামজা একটি গাড়িতে এবং আমি আর আমার দুই বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক আমাদের গতিরোধ করে। বার বার হর্ন দিলেও গাড়ি না সরানোয় আমাদের গাড়িচালক নিচে নেমে কথা বলেন। তখন ওই ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করেন। এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শ্যালক বলায় তারা আরো ক্ষিপ্ত হয়ে মুখে আঘাত করে। তারা আমার বোন এবং দুলাভাই আমির হামজাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ দিকে ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় মামলা রেকর্ড করার জন্য কাজ করছিলেন।