বিনোদন প্রতিবেদক
অভিনয় অঙ্গনে এই প্রজন্মের একেবারেই নতুন মুখ নাসরিন অনু। সুযোগ হলো বাংলাদেশের কিংবদন্তি নাট্যনির্মাতা, অভিনেতা সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় নাটকে অভিনয় করার। সালাহ উদ্দিন লাভলু প্রখ্যাত নাট্যকার মাসুম রেজার রচনায় নির্মাণ করেছেন ১২৫ পর্বের ধারাবাহিক নাটক ‘ফুলগাঁও’। এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র পুষ্প। আগামী রোজার ঈদের পরপরই চ্যানেল আইতে প্রচারে আসছে এই ধারাবাহিক নাটকটি। নির্মাতা লাভলুর অনুকে নিয়ে ভীষণ প্রত্যাশা। অনু প্রসঙ্গে কথা বলতে গিয়ে সালাহ উদ্দিন লাভলু বলেন, ‘আমার নির্দেশনাতেই অনু প্রথম এমন চমৎকার গল্পের ধারাবাহিকে অভিনয় করেছে। নতুন হিসেবে অভিনয়ে খুব ভালো। সবচেয়ে বেশি ভালো লেগেছে চরিত্র নিয়ে অনু বেশ বিশ্লেষণ করে, যা এই সময়ের প্রায় শিল্পীই করে না, করতে চায় না। অনু তার চরিত্র নিয়ে ভাবে- কেন এই চরিত্রটি এমন, তার চরিত্রটি কেনইবা আলাদা, এসব নিয়ে তার ভীষণ চিন্তাভাবনা থাকে। নিজের চরিত্রের প্রতি ভীষণ ডেডিকেটেড এবং জানার আগ্রহ তার প্রবল। পুষ্প চরিত্রটিও দারুণ ফুটিয়ে তুলেছে। নাটকটি প্রচারে এলেই দর্শক তা অনুভব করবেন। আর আমার তো মনে হয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ও মাস্টার্সে তার যে রেজাল্ট সে শিক্ষকও হয়ে যেতে পারে।’ পুষ্প চরিত্রে কাজের সুযোগ পাওয়া, এতে অভিনয় এবং আগামীর পরিকল্পনা নিয়ে অনু বলেন, ‘শ্রদ্ধেয় ইসরাফিল শাহীন স্যারের প্রতি কৃতজ্ঞতা, কারণ তিনিই লাভলু স্যারের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে বিগত দেড় বছরে এই ধারাবাহিকে অভিনয় করেছি। চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। পেশাগতভাবে আমি থিয়েটার এবং অভিনয়শিল্প নিয়ে আজীবন কাজ করে যেতে চাই। সব শ্রেণীর কাছে নন্দিত একজন অভিনেত্রী হতে চাই। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি, কাজ করছি।’ ঢাকা বিশ^বিদ্যালয়ের ‘থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী অনু অনার্সে (২০২৩) ফার্স্ট ক্লাস সেকেন্ড এবং মাস্টার্সে (২০২৪) ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। যে কারণে তিনি বিশ্ববিদ্যালয় থেকে দু’টি ডিনস অ্যাওয়ার্ড এবং কবি সুফিয়া কামাল হল তথা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকে ভূষিত হন। নওগাঁর মেয়ে অনুর বাবা মো: নাসির উদ্দিন, মা মর্জিনা বেগম। তার প্রথম নাটক ছিল হাসান রেজাউলের ‘মা-বাবা-ভাইবোন’। আগামী ঈদে পাঁচ পর্বের ধারাবাহিক ‘কুলিন সমাচার’ প্রচার হবে, যা নির্মাণ করেছেন সালাহ উদ্দিন লাভলু। নাট্যদল অবলোকনের মঞ্চ নাটক ‘গন্ধসূত্র’র চারটি মঞ্চায়নে এরই মধ্যে অভিনয় করেছেন অনু।



