কুমিল্লা প্রতিনিধি
গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহকসেবা উন্নয়নে চাঁদপুরের কচুয়া উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) উদ্যোগে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকালে কচুয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ।
তিনি বলেন, বর্তমানে অধিক মূল্যে এলএনজি আমদানি করতে হচ্ছে। তাই জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধে সবাইকে আরো সচেতন হতে হবে। একই সাথে গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে কোম্পানি কাজ করছে বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) এনামুল করিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাসির, বিজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো: সোলায়মান, মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বানী ইসলাম এবং মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মর্তুজা রহমান খান।
সভায় গ্যাসের স্বল্পতা, চাপ কম থাকা ও গ্রাহকসেবাসহ বিভিন্ন বিষয়ে গ্রাহক ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কোম্পানির কর্মকর্তারা। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণীর গ্রাহক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।



