ফরিদপুর প্রতিনিধি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। প্রায় প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরা, ড্রোনের ব্যবস্থা আছে। প্রস্তুতি খুবই ভালো। যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, সেসব স্থানে বাঁশ দিয়ে বাউন্ডারির ব্যবস্থাও হয়ে যাবে। আশা করছি নির্বাচন খুবই উৎসবমুখর হবে এবং ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব:) আবদুল হাফিজ, আইজিপি বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, র্যাবের মহাপরিচালক, এ কে এম শহিদুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্যাসহ রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু আমাদের প্রশাসন না, আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন এ জন্য। আপনারা সবসময়েই সহযোগিতা করে এসেছেন। এখন আরো বেশি সহযোগিতা করবেন; যাতে নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে হয়ে যায়।
তিনি বলেন, এখানে কোনো ধরনের শঙ্কা নেই। এবারের মতো যেই পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে, ইতিহাসে এমন আর আগে কখনো দেখাতে পারবেন না।
আগের অন্যান্য নির্বাচন যেমন সহিংসতা হতো, এবার কিন্তু তেমন দেখাতে পারবেন না।
আশা করব সামনেও হবে না। এ জন্য চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে।



