ক্রীড়া প্রতিবেদক
সকাল ৮টা থেকে পরিপূর্ণ সাজে সজ্জিত ছিল শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়াম। উপলক্ষ দীর্ঘ ১১ বছর পর শুরু হচ্ছে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের উদ্বোধন। অতিথিরা স্যুট-বুটে সজ্জিত হয়ে এসেছেন। জ্যৈষ্ঠের গরমে অপেক্ষা করতে করতে একেকজন ঘেমে নেয়ে একাকার। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল যখন ইনডোরে ঢুকলেন, তখন দুপুর প্রায় ১২টা। পাতলা একটা ফুল স্লিভস শার্ট পরলেও পরে গরমের চোটে হাতা পর্যন্ত গুটিয়ে নিতে বাধ্য হন। মন্ত্রীকে কেউ বলতে হয়নি। নিজে নিজেই উপলব্ধি করলেন এই গরমে শাটলাররা কিভাবে খেলে। ব্যাডমিন্টনের কর্তারা চাওয়ার আগেই মন্ত্রী মহোদয় ক্রীড়া সচিবকে নির্দেশ দিলেন ইনডোরকে শীতাতপ নিয়ন্ত্রিত করার। তার নিজ বক্তব্যের আগেই প্রশংসায় ভেসেছেন ক্রীড়াঙ্গনের দুঃখ বুঝতে পারা খেলার মাঠ থেকে সংসদে যাওয়া আমিনুল হক।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বর্তমান সরকার সব রকম ইনডোর ও আউটডোর গেমসকে সমান গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ ২০২৬ এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
তিনি জানান, ‘ইতোমধ্যে ২৮টি ফেডারেশনের ৩০০ জন খেলোয়াড়কে মাসিক এক লাখ টাকা হারে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। ২ মে থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে আটটি বিভাগের মধ্যে ব্যাডমিন্টনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তৃণমূল থেকে দক্ষ শাটলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলতি বছরেই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে, যেগুলোতে অত্যাধুনিক ইনডোর স্টেডিয়ামের সুবিধা থাকবে।
ফেডারেশনের আরেকটি দাবি ছিল আন্তর্জাতিক অঙ্গনে ভালো ফলাফলের লক্ষ্যে একজন বিদেশী কোচকে কমপক্ষে দুই বছরের জন্য নিয়োগ দেয়ার। অতি সহজে এবং কোনরকম কালক্ষেপণ না করে দুই বছরমেয়াদি বিদেশী কোচ নিয়োগের জন্য ফেডারেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।



