ওমান উপসাগরে অস্ত্রবাহী জাহাজ জব্দ করেছে ইরান

Printed Edition

বিবিসি

ওমান উপসাগরে ‘ফ্লোটিং আর্মারি’ বা ‘ভাসমান অস্ত্রাগার’ হিসেবে পরিচালিত একটি জাহাজ ইরানের সামরিক বাহিনী জব্দ করেছে বলে জানিয়েছে সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ‘ভ্যানগার্ড’। ব্রিটেনের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংগঠন (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজটিকে বর্তমানে ইরানের আঞ্চলিক জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মেরিন ট্রাফিকের জাহাজ ট্র্যাকিং ডাটা যাচাই করে বিবিসি ভেরিফাই জানিয়েছে, হন্ডুরাসের পতাকাবাহী ‘হুই চুয়ান’ নামের এই জাহাজ সবশেষ বুধবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে নিজের অবস্থান জানান দিয়েছিল।

ভ্যানগার্ডের কাছে জাহাজটির পরিচালনাকারীরা দাবি করেছেন, এই জাহাজ একটি ‘ভাসমান অস্ত্রাগার’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মূলত জলদস্যুদের হাত থেকে জাহাজ রক্ষা করতে যেসব নিরাপত্তা সংস্থা কাজ করে, তাদের অস্ত্র ও গোলাবারুদ এই জাহাজে জমা রাখা হয়।

লোহিত সাগর, এডেন উপসাগর এবং ওমান উপসাগরে এ ধরনের জাহাজ অবস্থান করে থাকে, যাতে নিরাপত্তারক্ষীরা সহজেই তাদের সরঞ্জাম সংগ্রহ করতে পারে এবং জমা দিতে পারে। তবে জাহাজটিতে ঠিক কী পরিমাণ অস্ত্র ছিল বা কারা এটি ব্যবহার করত, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।