কুমিল্লা প্রতিনিধি
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বিএনপি সরকার মাত্র তিন মাসে পাঁচ বছরের উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছে। কুমিল্লাবাসী ইতোমধ্যে এই তিন মাসে ওয়াসা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ পেয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইইবি, কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো: আবদুর রাজ্জাক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ, আইইবি সভাপতি ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ‘নগর উন্নয়নে প্রতিবন্ধকতা ও প্রতিকারের উপায়’ শীর্ষক সমিনার অনুষ্ঠিত হয়। এই বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।
ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন- আইইবি কুমিল্লা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী মুহম্মদ সাইদুর রহমান।



