রাশিয়া ইউক্রেন ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

Printed Edition

আলজাজিরা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার তিনি নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন।

পোস্টে ট্রাম্প জানান, গতকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত (৯, ১০ ও ১১ মে) যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তার ঘোষণার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। জেলেনস্কি বলেন, চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানে মার্কিন শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে তিন দিনের যুদ্ধবিরতির ব্যবস্থা করা হয়েছে।

রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, পুতিন ও ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক এক টেলিফোন আলোচনার পর এ সমঝোতা হয়। মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগের সময় এ বিষয়ে সম্মতি তৈরি হয় এবং পরবর্তীতে মার্কিন প্রতিনিধিরা কিয়েভের সাথে যোগাযোগ করেন। তিনি আরো জানান, ওই আলোচনায় দুই প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের দেশ দু’টি মিত্র ছিল বলে উল্লেখ করেন এবং বিজয় দিবস উদথযাপনের সময় যুদ্ধবিরতি কার্যকর করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। রাশিয়া ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদথযাপন করে, যা ‘ভিক্টরি ডে’ নামে পরিচিত। এ দিবসকে সামনে রেখে ইউক্রেনে দুই দিনের একতরফা যুদ্ধবিরতি আগেই ঘোষণা করেছিল মস্কো। ইউক্রেনও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তবে মস্কো তা উপেক্ষা করে।

তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এ অনুরোধ সরাসরি তার পক্ষ থেকে করা হয়েছে। এতে রাজি হওয়ায় রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন লড়াইয়ের অবসানের সূচনা হবে।