সুমন আহমেদ মতলব উত্তর (চাঁদপুর)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন শ্রেণীর গাইড ও নোটবই অবাধে বিক্রি হচ্ছে। ছেংগারচর বাজারসহ উপজেলার একাধিক হাটবাজারের বইয়ের দোকানগুলোতে প্রকাশ্যে এসব বই বিক্রির অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ছেংগারচর, নতুন বাজার, সুজাতপুর ও কালিপুর বাজারের বেশির ভাগ বইয়ের দোকানে নিষিদ্ধ গাইড ও সহায়ক বইয়ের জমজমাট ব্যবসা চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র অনুযায়ী, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নোটবই মুদ্রণ, প্রকাশ, বিতরণ ও বিক্রি আইনত নিষিদ্ধ। উচ্চ আদালতের রায়েও গাইড ও নোটবই প্রকাশ ও বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্য করলে শাস্তির বিধান থাকলেও তা বাস্তবে প্রয়োগ হচ্ছে না বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, কিছু অসাধু শিক্ষক ও প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিক্ষার্থীদের এসব বই কিনতে উৎসাহিত করছেন। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডোনেশনের বিনিময়ে গাইড বই সরবরাহের চুক্তির অভিযোগও রয়েছে। এতে অভিভাবকরা বাধ্য হয়ে অতিরিক্ত দামে এসব বই কিনছেন।
অভিভাবকদের অভিযোগ, নিষিদ্ধ গাইড বই বিক্রি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই। অনেক ক্ষেত্রে শিক্ষকদের সুপারিশেই এসব বই কিনতে হচ্ছে শিক্ষার্থীদের। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, সৃজনশীল শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে প্রশিক্ষণের সীমাবদ্ধতার কারণে অনেকে এখনো গাইডনির্ভর পাঠদান করছেন, যা এ প্রবণতা বাড়াচ্ছে।



