মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ইন্টারনেটের গতিবৃদ্ধি ও টেলিটককে গ্রাহকের নিকট সহজ করতে সরকার কাজ করছে। টেলিটক গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে সময়ের ব্যাপার এবং কিছু প্রক্রিয়াগত বিষয় রয়েছে। আর বিশেষ করে টেলিটক সেবার জন্য আমাদের ইনভেস্টমেন্টের প্রয়োজন। যেভাবে অন্যান্য কোম্পানিগুলো করেছে। তাই এই বিষয়টি এখন সময়ের ব্যাপার।
টাঙ্গাইলের মধুপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মধুপুর এবং ধনবাড়িতে মদকের ভয়াবহতা লক্ষ করা যাচ্ছে, যা সাংবাদিক এবং প্রশাসন একসাথে কাজ করে সমূলে নির্মূল করতে হবে। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।
৩১ মে বিকেলে মধুপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান মধুপুর প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, মধুপুর প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকগণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী প্রেস ক্লাবের নতুন ভবনের নামফলক উন্মোচন ও বিশেষ মোনাজাত করেন।



