শিরোপা বিতর্কের মধ্যেই ট্রফি নিয়ে সেনেগালের শোভাযাত্রা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আফ্রিকান নেশনস কাপের শিরোপা কেড়ে নেয়ার বিতর্ক এখনো নিষ্পত্তি হয়নি, তবে তার মধ্যেই ট্রফি নিয়ে শোভাযাত্রা করেছে সেনেগাল। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার পরও নিজেদের অবস্থানে অটল দেশটি, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ফ্রান্সের প্যারিসে স্টাদ দ্য ফ্রঁস-এ পেরুর বিপক্ষে প্রীতিম্যাচের আগে সেনেগালের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেন আফকনের ট্রফি হাতে। অধিনায়ক কালিদু কুলিবালি ও গোলরক্ষক এদুয়ার মঁদি ট্রফিটি নিয়ে সম্মান প্রদর্শন করেন এবং পরে তা ভিআইপি গ্যালারিতে স্থাপন করেন। ম্যাচের আগে পুরো দল ট্রফি নিয়ে ল্যাপ অব অনারও দেয়।

এর আগে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল ২০২৫ সালের আফকন ফাইনালের ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। মূল ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকার পর অতিরিক্ত সময়ে সেনেগাল গোল করে এগিয়ে যায়। তবে যোগ করা সময়ে স্বাগতিকদের পেনাল্টি দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা সাময়িকভাবে মাঠ ছাড়েন। প্রায় ১৭ মিনিট পর খেলা আবার শুরু হলেও পেনাল্টি মিস করে মরক্কো এবং পরে জয় নিশ্চিত করে সেনেগাল।

মরক্কোর ফুটবল ফেডারেশনের আপিলের পর কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে এবং নিয়ম অনুযায়ী সেনেগালকে ৩-০ ব্যবধানে পরাজিত দেখিয়ে মরক্কোকে শিরোপা দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালত-এ আপিল করেছে সেনেগাল, যেখানে দ্রুত রায় দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

বিতর্ক সত্ত্বেও সেনেগাল তাদের জার্সিতে দু’টি তারকা সংযোজন করেছে। ২০২১ সালের জয়ের পাশাপাশি ২০২৫ সালের শিরোপাকেও নিজেদের হিসেবে দেখাতে। এ দিকে পেরুর বিপক্ষে প্রীতিম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে সেনেগাল। গোল করেন নিকোলা জ্যাকসন ও ইসমাইলা সার।