চট্টগ্রাম ব্যুরো
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’সুম বলেছেন, ইসলামের বিজয় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর রুকনদের বহুমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। শুধু সাংগঠনিক কার্যক্রম নয়, রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, আদর্শিক দৃঢ়তা ও নেতৃত্বগুণ অর্জনের মাধ্যমেই ইসলামী আন্দোলনের কর্মীদের নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি গতকাল জুমাবার চট্টগ্রামে চান্দগাঁও থানা জামায়াতের রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, “সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৃহৎ বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার সুযোগ পেয়েছে, এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের আশা-আকাক্সক্ষ্ার প্রতিফলন ঘটাতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
থানা আমির মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন আরেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, থানা সেক্রেটারি মোহাম্মদ জসীম উদ্দিন সরকার, থানা সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর গনি, জামায়াত নেতা মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, গাজী মো: ইসমাইল, আবদুল কাদের পাটোয়ারী, ড. জাকির হোসেন হাওলাদার ও অধ্যাপক মো: ইসমাইল প্রমুখ।



