কোচ নিয়োগে আর দুই-তিন দিন লাগবে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

‘বাফুফের সভাপতিসহ (তাবিথ আউয়াল) সংশ্লিষ্ট অন্যদের সাথেও আমরা আলোচনা করেছি। একটি শর্টলিস্টও করা হয়েছে জাতীয় দলের কোচ নির্ধারণের বিষয়ে। আশা করি, দু’তিন দিনের মধ্যেই কাক্সিক্ষত সেই কোচের বিষয়ে জানতে পারবেন। যার হাত ধরে বাংলাদেশের ফুটবল অনেকদূর এগিয়ে যাবে। সেই ধরনের একটি কর্মপরিকল্পনা, প্রত্যাশা নিয়েই এগিয়ে যাচ্ছি।’

গতকাল সকালে ব্যাডমিন্টন লিগের উদ্বোধন করতে গিয়ে কথাগুলো বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। তার কথায়, ‘আমাদের আগামী দুই বছর জাতীয় ফুটবল দলের বেশ কিছু খেলা রয়েছে, সবকিছু বিচার-বিশ্লেষণ করে ফুটবলের ক্রেজ, ফুটবলের ভবিষ্যৎকে বিবেচনা করে মানুষের যে একটা প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাটা পূরণ করার চেষ্টা করছি। সো আপনাদের আরো হয়তোবা দুই-এক দিন অপেক্ষা করতে হবে। তারপরই সেই প্রত্যাশিত ফল পাবেন ইনশা আল্লাহ।’

তিনি যোগ করেন, ‘অনেক ব্যয়বহুল কোচ বা তাকে এনে আমরা কতটুকু বেনিফিট পাবো বা আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে, রাতারাতি কখনোই কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। আমি যখন খেলেছি তখনো আমরা একটি কথা বলেছি, যেকোনো কোচ এলে তাকে একটা নির্ধারিত সময় দেয়া উচিত। সেই সময় অনুযায়ী তার কাছ থেকে আমরা সেই রেজাল্টটা প্রত্যাশা করি।’

উল্লেখ্য, সংক্ষিপ্ত তালিকায় আছে ক্রিস কোলম্যান, বার্নড স্টক ও টমাস ডুলি। এদের মধ্যে ২৬ হাজার ডলার বেতন চেয়েছেন ওয়েলসের সাবেক কোচ কোলম্যান।