বোর্ডের নেতৃত্বের লড়াই নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো যেন সীমা ছাড়িয়ে গেছে। ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরাই যখন প্রকাশ্যে বিভক্ত হয়ে পড়েন, তখন সেটি শুধু একটি পদ নিয়ে দ্বন্দ্ব থাকে না। তা হয়ে ওঠে পুরো ব্যবস্থার ওপর আস্থাহীনতার প্রতীক। ক্ষমতার লড়াই, প্রভাব বিস্তার এবং ব্যক্তিগত স্বার্থের দ্বন্দ্বে কিংবা টানাপড়েনে ক্রিকেটের মূল লক্ষ্য খেলার উন্নয়ন কি পিছিয়ে পড়ছে।
এমন বাস্তবতায় খেলোয়াড়দের ওপরও প্রভাব পড়া অস্বাভাবিক নয়। দলে স্থিতিশীলতা আসে না, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাধাগ্রস্ত হয়। নতুন প্রতিভা উঠে আসার পথ সঙ্কুচিত হয়, কারণ কাঠামোগত উন্নয়নের চেয়ে প্রশাসনিক টানাপড়েনই বেশি গুরুত্ব পাচ্ছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।
অন্য দিকে, সমর্থকদের হতাশাও বাড়ছে। একসময় যে ক্রিকেট জাতিকে একত্র করত, এখন সেটিই বিভক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা, আস্থা হারানোর প্রবণতা সব মিলিয়ে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। তবে সবকিছুর মধ্যেও সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বাংলাদেশের ক্রিকেটের শক্তি তার তরুণ প্রজন্ম, যারা প্রতিনিয়ত নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে আসছে। যদি প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা যায়, নেতৃত্বে স্থিতিশীলতা আসে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় গুরুত্ব দেয়া হয়, তবে পরিস্থিতি বদলানো অসম্ভব নয়।
এখন সবচেয়ে বড় প্রয়োজন দায়িত্বশীল নেতৃত্ব এবং স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার মানসিকতা। ক্রিকেট বোর্ডকে মনে রাখতে হবে, এটি কোনো ব্যক্তির নয়, পুরো দেশের আবেগের জায়গা। সভাপতি পদ নিয়ে নোংরা খেলায় মেতে ওঠা সাময়িক লাভ এনে দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা দেশের ক্রিকেটকেই ক্ষতিগ্রস্ত করবে।
বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে বড় লড়াইটা মাঠে নয়, প্রশাসনিক অঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে অভিযোগ, তদন্ত কমিটি গঠন এবং সম্ভাব্য আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আশঙ্কা- সব মিলিয়ে বোর্ড জুড়ে তৈরি হয়েছে অস্বস্তিকর এক পরিস্থিতি, যার প্রভাব পড়ছে পুরো ক্রিকেট কাঠামোর ওপর। বাংলাদেশের ক্রিকেট আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সঠিক সিদ্ধান্ত ও নেতৃত্বই নির্ধারণ করবে এটি এগিয়ে যাবে, নাকি ধীরে ধীরে নিজের সম্ভাবনাকেই হারিয়ে ফেলবে। ক্রিকেটের স্বার্থের চেয়ে ব্যাক্তিগত স্বার্থ বড় হয়ে দেখা দিলে অবশ্যই পিছিয়ে পড়বে যে কোন ক্রীড়া।
ইতোমধ্যে বিসিবি বিষয়টি আইসিসির নজরে এনেছে, যাতে কোনো ধরনের ভুল পদক্ষেপ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ডেকে না আনে। এই অনিশ্চয়তার কেন্দ্রে রয়েছে বোর্ডের বর্তমান নেতৃত্ব ও সম্ভাব্য পরিবর্তনের আলোচনা। রাজনৈতিক সমীকরণ, নতুন নেতৃত্বের সম্ভাবনা এবং প্রভাব বিস্তারের চেষ্টা, সবকিছু মিলিয়ে বিসিবি এখন এক জটিল বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে। এক দিকে বর্তমান নীতিনির্ধারকেরা বোর্ডের স্থায়িত্ব বজায় রাখতে চেষ্টা করছেন, অন্যদিকে নতুন শক্তিগুলো নিজেদের অবস্থান তৈরি করতে সক্রিয়।
প্রশাসনিক এই টানাপড়েনের সরাসরি প্রভাব পড়েছে ঘরোয়া ক্রিকেটে। ক্লাব ক্রিকেট স্থবির হয়ে থাকায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন ক্রিকেটাররা। নিয়মিত আয়ের সুযোগ না থাকায় তাদের পেশাগত নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। যদিও বোর্ডের দাবি, আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন, কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই খেলা মাঠে গড়াচ্ছে না।
এদিকে জাতীয় দল আন্তর্জাতিক সূচি নিয়ে ব্যস্ত থাকলেও বোর্ডের অস্থিরতা সেই সাফল্যকে আড়াল করে দিচ্ছে। সামনে গুরুত্বপূর্ণ সিরিজ থাকলেও প্রশাসনিক সংকটই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক কিছু ঘটনায় বোর্ড ও সরকারের মধ্যে দূরত্ব কমছে বলে ধারণা তৈরি হলেও তদন্ত কমিটি গঠনের পর সেই ধারণা আবার প্রশ্নের মুখে পড়েছে। তদন্তের ফল, আইসিসির প্রতিক্রিয়া এবং বোর্ডের পরবর্তী সিদ্ধান্ত- সব কিছু মিলিয়েই নির্ধারিত হবে ভবিষ্যতের পথ।



