উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকায় এক পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দিকে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল রোববার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগপত্রে জানা যায়, মধুপুর এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের সাথে তার ছোট ভাই আব্দুর রহমানের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে শনিবার দুপুরে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা বাড়ির সদস্যদের মারধর করে জিম্মি করে রাখে এবং ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। একই সাথে ধান, নগদ অর্থ, গৃহস্থালি সামগ্রী ও হাঁস-মুরগিসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। হামলায় আবু বক্কর সিদ্দিক, তার স্ত্রী সাহিদা বেগম ও ছেলে ফুল মিয়া আহত হন। আবু বক্কর সিদ্দিক বলেন, ‘কোনো উসকানি ছাড়াই আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। আমার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক। তিনি বলেন, ‘ঘটনার সময় আমি নিজ বাড়িতে ছিলাম।’



