ক্রীড়া প্রতিবেদক
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়া রিজিওনাল চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-২৩ এ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জয় করেছেন বাংলাদেশের সিফাত উল্লাহ গালিব ও নাজমুল হাসান জয়। পাকিস্তানের ইসলামাবাদে গতকাল গ্রান্ড ফাইনালে তারা ২১-১৪, ১৮-২১ ও ২১-১৫ পয়েন্টে অর্থাৎ ২-১ সেটে নেপালের দাহাল ও কানাল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে, পুরুষ এককে বাংলাদেশের সিফাত উল্লাহ গালিব ব্রোঞ্জ পদক অর্জন করেন, যা বাংলাদেশের জন্য আরও একটি উল্লেখযোগ্য সাফল্য। কোচ হিসেবে সাথে রয়েছেন সাবেক বাংলাদেশ জাতীয় চ্যাম্পিয়ন, জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ গোলাম মোস্তফা জাভেদ।
খেলোয়াড় থাকা অবস্থায় জাভেদও গিয়েছিলেন পাকিস্তানে খেলতে। তিনি রেজাল্ট করতে না পারলেও তার শিষ্যরা চ্যাম্পিয়ন হয়ে দেশের পতাকার মান বাড়িয়েছেন। এতে উচ্ছ্বসিত জাভেদ। তার কথায়, ‘একজন শাটলারের এর চেয়ে বড় উপহার কী হতে পারে। নিজে পারিনি, কোচ হিসেবে পেরেছি। গালিব ও জয় স্বপ্ন পূরণ করেছে। এটা শুধু আমার একার গর্ব নয়-পুরো বাংলাদেশের। আমি যতবারই কোচ হয়েছি ততবারই একটা ভালো রেজাল্ট করেছে শাটলাররা। এবার তো বিদেশের মাটিতে স্বর্ণজয়।’
ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন জানান, ‘আমার জানামতে এই প্রথমবারের মতো ব্যাডমিন্টনে দেশের বাইরে থেকে স্বর্ণপদক এলো। বিশেষ করে আমি দায়িত্ব নেয়ার পর চেষ্টা করেছি শাটলাররা যাতে দেশের বাইরে গিয়ে বিভিন্ন টুর্নামেন্টে খেলতে পারে। তাতে তাদের মানসিক বিকাশ ঘটবে। দেশের মাটিতে যতই খেলুক, মনের সঙ্কীর্ণতা থেকেই যায়। আত্মবিশ^াস যাতে প্রবল হয় সেজন্যই বাইরে যাওয়। ১০ এপ্রিল ভোর সাড়ে চারটায় স্বর্ণ জয়ীরা দেশে ফিরবে। বিমান বন্দরে তাদের সংবর্ধনা দেয়া হবে। দলের জন্য অর্থ পুরস্কারের ঘোষণাও থাকবে। সেটি লাখ টাকার কম নয়।’
ওয়াল্ড কাপ কোয়ালিফাই খেলার সুযোগ
রাসেল কবির সুমন বলেন, চীনে খেলতে গেেেছ আল আমিন জুমার, মোয়াজ্জেম হোসেন অহিদুল ও উর্মি আক্তার। ডাবলসে জুমার ও অহিদুলের বর্তমান র্যাংকিং ১২৫। আগামি আগস্টের ২৮ তারিখের মধ্যে যদি তাদের র্যাংকিং ১৫০ এর মধ্যে থাকতে পারে, তাহলে তারা দিল্লীতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেলতে পারবে। এজন্যই তাদেরকে বিদেশে খেলতে পাঠানো। যদি বাইরে গিয়ে না খেলে তাহলে র্যাংকিং কমতে থাকবে।’
মেইন রাউন্ডে জুমার-উর্মি
চায়নাতে ব্যাংক অফ নিংবো ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ মিক্সড ডাবলসে বাংলাদেশের আল আমিন জুমার ও উর্র্মি আক্তার জুুটি ২-১ সেটে মালদ্বীপের শাহিদ ও ফাতিমাত জুটিকে হারিয়ে মেইন রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে । বাংলাদেশের কোন শাটলার এই প্রথম মিক্সড ডাবলসে টিম এশিয়া চ্যাম্পিয়নশিপে মেইন রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো।



