দুর্গাপুরে ঈদের ছুটিতে ভূমি অফিসে চুরি

Printed Edition

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর দুর্গাপুর উপজেলার সিংগাহাট ইউনিয়ন ভূমি (তহসিল) অফিসে জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঈদুল আজহার দীর্ঘ ছুটির সুযোগে সংঘটিত এ ঘটনায় অফিসের গুরুত্বপূর্ণ কম্পিউটার যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে গত ২৪ মে অফিস বন্ধ করে কর্মচারীরা নিজ নিজ বাড়িতে চলে যান। দীর্ঘ ছুটি শেষে গত সোমবার সকালে অফিস খুলতে এসে কর্মচারীরা দেখতে পান, অফিসের একটি জানালার থাইগ্লাস কাটা এবং কক্ষের ভেতরে থাকা জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। এ সময় কম্পিউটারের মনিটর ভাঙা অবস্থায় পাওয়া যায়।

পরে খোঁজ নিয়ে দেখা যায়, কম্পিউটারের র‌্যাম, প্রসেসর, সিডিএসডি কার্ড, ওয়াইফাই রাউটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও মালামাল চুরি হয়ে গেছে।

সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার নরশাদ আলী জানান, ঈদের ছুটিতে অফিস বন্ধ থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার থাইগ্লাস কেটে ভেতরে প্রবেশ করে। তারা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে যায় এবং অফিস কক্ষ তছনছ করে ফেলে।

খবর পেয়ে দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ দফতরে চুরির ঘটনায় তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও অফিসের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।