নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে দাদীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা এবং হামে আক্রান্ত হয়ে শিশু ও নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ, দুঃখ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেয়ায় দাদীকে কুপিয়ে হত্যার ঘটনা এবং সড়কে নিয়মিত প্রাণহানি উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও মেয়ের মৃত্যু, বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু, পাবনার চাটমোহরে আহত কলেজ শিক্ষকের মৃত্যু এবং ময়মনসিংহের ভালুকায় পোশাক কর্মীর নিহতের ঘটনায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ সমবেদনা জানান।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বন্যপ্রাণীর আক্রমণ থেকে নাগরিকদের রায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে গাড়ির ফিটনেস পরীক্ষাসহ অবৈধ যান চলাচল বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তিনি প্রতিটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান। একই সাথে বন্য হাতির আক্রমণ ও হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।
দেশের বর্তমান হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত ১৫ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে আরো ২২৭ শিশুর মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক শিশুর এই মৃত্যু গোটা জাতির জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি শিশুদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।



