নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে নুরজাহান রোড এলাকায় বাসার গেটের সামনে চাপাতির ভয় দেখিয়ে দুই নারীর লাগেজসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ৩টার দিকে ঈদুল আজহার ছুটি শেষে ঠাকুরগাঁও থেকে ঢাকার বাসার সামনে এসে ছিনতাইয়ের শিকার হন ওই দুই নারী। এমন একটি ভিডিও রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে পুলিশের তৎপরতা শুরু হয়। গতকাল বিকালে মোহাম্মদপুরের বাসিন্দারা নিরাপত্তা চেয়ে বিক্ষোভ করেছে। পুলিশ জানায়, ছিনতাইয়ে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনার যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাদের পাশে রিকশাচালক দাঁড়িয়ে। হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে আসেন। তার পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি, মাথায় ক্যাপ। চাপাতি হাতে থাকা এই ব্যক্তির সাথে আরেকজনকে দেখা যায়। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর সাথে থাকা লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেন তারা।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব বলেন, ভুক্তভোগীদের তথ্য অনুসারে, তারা ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যান। বাসার সামনে তারা ছিনতাইয়ের শিকার হন। তিনি বলেন, এই ঘটনার সাথে জড়িত একজনকে আমরা শনাক্ত করেছি। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
এ দিকে গতকাল বিকেল ৬টায় মোহাম্মদপুরে ছিনতাই ও নাগরিক অনিরাপত্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মোহাম্মদপুর কমিউনিটি এলায়েন্সের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
মোহাম্মদপুর কমিউনিটি এলায়েন্সের সংগঠক পারভেজ হাসান সুমন জানান, নুরজাহান রোডে এক নারী ও তার কন্যা গ্রামের বাড়ি থেকে এসে নিজ বাসায় প্রবেশের সময় বাড়ির গেটের সামনে ছিনতাইয়ের শিকার হন। এ ধরনের ঘটনা মোহাম্মদপুরে বিচ্ছিন্ন নয় বরং দীর্ঘদিন ধরে এলাকাবাসী নিয়মিত ছিনতাই, চুরি, মাদক-সংশ্লিষ্ট অপরাধ এবং বিভিন্ন ধরনের নাগরিক নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। এ অবস্থায় মোহাম্মদপুরের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে ছিনতাইকারীদের কবল থেকে রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানিয়েছি।



