বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু তাই নয়; তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। বাংলাদেশের উন্নয়নে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি। এসব বিষয় তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সোমবার বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শিরিন এসব কথা বলেন। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উত্তর জেলা বিএনপির উপজেলা ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বরিশাল ব্যুরো।



