নিজস্ব প্রতিবেদক
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা। গতকাল রাত ৮টা পর্যন্ত ২৮টি ফ্লাইটে মোট ১১ হাজার ৬৮৮ জন হাজী দেশে ফিরেছেন।
গত ৩০ মে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। সৌদির স্থানীয় সময় রাত ২টা ৪ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজী নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে সাউদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৮০৬ ফ্লাইট। বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। প্রথম দিনে ১৩টি ফ্লাইটে দেশে ফেরেন ৫৪৩৪ জন হাজী।
গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আসে ২১ মে।
এ বছর সৌদি সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন মসৃণ করার জন্য এয়ারলাইন্সের সাথে আলোচনা করে নেয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোনোরূপ শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে আসতে পেরেছে। ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।



